ব্র্যান্ড কারের দেশী সাইট টুইনকার

৩০ নভেম্বর, ২০২৪ ১২:০২  

বাংলাদেশের মানুষের কাছে পরিচিত কার ব্র্যান্ড নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ওয়েবসাইট টুইনকার। ডটকমডটবিডি ডোমেইনে হোস্ট করা সাইটটিতে আপাতত ছয়টি পরিচিত ব্র্যান্ডের কারের দাম ও স্পেসিফিকেশন রয়েছে। তবে এর মেন্যুতে রয়েছে ১৬টি ব্যান্ড। এগুলো হলো-অডি, বিএমডব্লিউ, চেরি, ফোটোন, হ্যাভাল, হোন্ডা, হুন্দায়, কেয়া, ল্যান্ডরোভার, লেক্সাস, মাহিন্দ্রা, মাজদা, মার্সিডিজ বেঞ্চ, এমজি, মিতসুবিশি ও নিশান।

আগামীতে নতুন বাজারে আসা এসব ব্র্যান্ডের কারের রিভিউ, টিপস ও যন্ত্রাংশ প্রাপ্তির তথ্য থাকবে বলে জানিয়েছেন টুইনকার প্রতিষ্ঠাতা সিইও ফাহিম শাহরিয়ার। তখন সাইটটি গাড়ি খোঁজাখুঁজির ক্ষেত্রে সহজেই দাম ও প্রাসঙ্গিক তথ্য পেতে ব্যবাহরাকারীর সহায়ক হিসেবে সেবা দেবে।

গুগল অনুসন্ধানের বিভিন্ন কি-ওয়ার্ড বিশ্লেষণ করে কার লাভারদের হাতের কাছেই সব তথ্য জড় করে দিতেই এই উদ্যোগ-এমনটাই জানিয়েছেন এই তরুণ এসইও স্পেশালিস্ট। ফাহিম বললেন, যমজ সন্তারের প্রতি ভালোবাসা থেকেই কার টুইনস এর নামকরণ করা হয়েছে। এখনো ওয়েবসাইটটি ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে। তবে সহসাই অ্যাপ আনার কোনো পরিকল্পনা নেই। আলাপকালে কারটুইন শুধু গাড়ির দামের পাশাপাশি বাজারের সর্বশেষ প্রবণতা, গাড়ি রক্ষণাবেক্ষণের পরামর্শ ও উপযুক্ত গাড়ি নির্বাচনেও সহায়তা করবে বলে জানান ফাহিম।

তিনি বলেন, "বাংলাদেশের কার ক্রেতারা প্রায়ই সঠিক তথ্যের অভাবে সমস্যায় পড়েন। আমরা চেয়েছি এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে যা ক্রেতাদের সঠিক তথ্য দিয়ে সহায়তা করবে এবং তাদের অভিজ্ঞতাকে সহজ ও ঝামেলাহীন করবে।"

জানাগেছে, ক্রমান্বয়ে স্থানীয় গাড়ি বাজারের তথ্য,পরামর্শ ও খবর, গাড়ির ইঞ্জিন, মাইলেজ, জ্বালানি খরচ ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য এবং অবমুক্ত হতে যাওয়া কারের আগাম মূল্য ও সুবিধা বিষয়েও তথ্য মিলবে সাইটটিতে। গাড়ির ইঞ্জিন, মাইলেজ, জ্বালানি খরচ সম্পর্কে যেমন জানা যাবে, তেমনি খরচ বাঁচানো ও গাড়ির স্বাস্থ্য সুরক্ষাতেও পরামর্শ পাওয়া যাবে।